নদিয়ার শান্তিপুরে অফিসে যাওয়ার আগে জামা ইস্ত্রি করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না । মৃত পুলিশ কর্মীর নাম অভীক মিত্র। বাড়ি শান্তিপুরের বাইগাছি ওস্তাগার পাড়া লেনে। রাজ্য পুলিসের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।  এদিন সকালে জামা ইস্ত্রি করছিলেন ওই পুলিশকর্মী। পাশের ঘরে ছিলেন স্ত্রী মৌমিতা ও ছেলে।  তারপর? আচমকাই চিৎকার করে ওঠেন অভীক। স্ত্রী এসে দেখেন, ঘরের মেঝে পড়ে রয়েছেন তিনি। পায়ে গরম ইস্ত্রি পোড়ার দাগ। এমনকী, শরীরও ঠাণ্ডা হয়ে গিয়েছে! এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ওই পুলিসকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গত ২০০২ সালে রাজ্য পুলিসের  কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়েছিলেন অভীক। স্ত্রী ও দুই যমজ ছেলে রয়েছে তাঁর।