উন্নাও ধর্ষণ মামলার অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিল আদালত ৷ চিকিৎসার জন্য সেঙ্গারের দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট ৷ বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চ কুলদীপ সেঙ্গারকে 6 ডিসেম্বর এইএমস-এ ভর্তি করানোরও নির্দেশ দিয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা হবে বলে জানিয়েছেন বিচারপতি ৷ আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, কুলদীপ সেঙ্গারকে হাসপাতাল ছাড়ার পরে একটি পরিচিত জায়গায় থাকতে হবে ৷ এই সময়ে সে যাতে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করতে না পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে ৷ সিবিআইকে সেঙ্গারের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকার জন্য এইমস হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেঙ্গারকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে আদালত।

