বিদেশ

আপাতত স্বস্তি ভারতের! নয়া শুল্কনীতি কার্যকরের সময়সীমা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার সেই মেয়াদ শেষ হচ্ছে। এই আবহে আগামী ১ অগস্ট পর্যন্ত ‘লিবারেশন ডে’ পারস্পরিক শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছেন তিনি ৷ আর ট্রাম্পের এই ঘোষণায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত। সোমবার হোয়াইট হাউসের তরফে প্রকাশিত নির্দেশনামায় ট্রাম্প বলেন, ‘একাধিক শীর্ষ আধিকারিকদের পরামর্শ এবং একাধিক সূত্র মারফৎ পাওয়া তথ্যের ভিত্তিতে নয়া শুল্ক নীতি কার্যকরের সময়সীমা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই সঙ্গে, বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হবে এমন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী ১ অগস্ট রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে ৷’ মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে নির্বাচনী প্রচার থেকেই শুল্ক নীতিতে বদলের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প ৷ জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসের দায়িত্বে আসার পর তাঁর সেই ইঙ্গিত বাস্তবায়নের পথ মসৃণ হয়ে যায় ৷ দেশের অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফার বৈঠকের পর গত ২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তি দিবসের দিন পারস্পরিক শুল্ক ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প৷