প্রত্যাখ্যাত হয়ে মানুষের রায় মেনে নিচ্ছেন তিনি ! মধ্যবর্তী নির্বাচনে জোর ধাক্কার পরে এটাই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া ৷ মার্কিন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত ৷ তবে একইসঙ্গে ভেঙে না পড়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপলব্ধি, ব্যালটে তিনি ছিলেন না বলেই ফলাফল এইরকম হয়েছে ৷ আর যে সব প্রার্থীর হয়ে তিনি প্রচার করেছেন, রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পরেও তার জন্য এতটুকু আফসোস নেই তাঁর ৷ ট্রুথ সোশাল-এ ট্রাম্প পোস্ট করেন, “আমি তো ব্যালটে ছিলাম না, যদি থাকতাম তাহলে আমরা ফাটাফাটি জয় পেতাম ৷”

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের গোড়া থেকেই মানুষ বুঝিয়ে দিয়েছেন, তাঁরা আর ট্রাম্পের খেয়ালখুশি মেনে চলবেন না ৷ ফলাফলের শুরু থেকেই সেই ইঙ্গিত পেয়ে মার্কিন দৈনিককে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি এই ফল মেনে নিচ্ছি ৷ ডেমোক্র্যাটদের সঙ্গে আমরা কাজ করব ৷ তার জন্য আমরা প্রস্তুত ৷ ঠিকমতোই কাজ হবে ৷ “

যদিও এর দু’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক, আগামী দু’বছর তিনিই ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রশাসন চালাবেন ! তার জন্য তাঁকে ‘মি.ভেটো’ বলা হলেও অসুবিধে নেই ৷ শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের দুই কক্ষ, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস প্রায় হাতছাড়া হওয়ার পরেও দমছেন না প্রেসিডেন্ট ৷

ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়ে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা সেনেটের দখল তুলে দিয়েছেন ডেমোক্র্যাটদের হাতে ৷ ইরান যুদ্ধ ও কঠোর শুল্ক নীতির জেরেই ভোটাররা ট্রাম্পের নিজে হাতে বাছাই করা প্রার্থীদেরও প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা । মধ্যবর্তী নির্বাচনের এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া ফলাফল অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটের মোট 100টির মধ্যে 53 আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা ৷ রিপাবলিকানদের হাতে রয়েছে 42টি আসন ৷ অন্যদিকে নিম্ন কক্ষ অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ 435 আসনে ডেমোক্র্যাটরা ঝড় তুলেছে 227 আসনে ৷ রিপাবলিকানদের হাতে 133 আসন ৷ সব জায়গার ফলাফল প্রকাশ হলে চিত্রটা আরও স্পষ্ট হবে ৷

এবারের ভোটে উত্তর ক্যারোলাইনা, ওহায়ো, আইওয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা এবং কানসাসে রিপাবলিকানদের দখলে থাকা আসন ডেমোক্র্যাট প্রার্থীরা ছিনিয়ে নেন । অথচ এই সব প্রদেশেই স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প জিওপি (রিপাবলিকান) মনোনীত প্রার্থীদের বেছে নিয়েছিলেন এবং তাঁদের হয়ে প্রচার করেছিলেন ।

এই ফলাফল ট্রাম্পের জন্য অবশ্যই বড় ধাক্কা ৷ কারণ, তিনি প্রচারের সময় ভোটারদের বারবার বলেছিলেন, “ধরে নিন ব্যালটে আমিই আছি ।” তারপরেও গড় রক্ষা হল না ৷ তিনি রক্ষণশীল প্রদেশগুলিতে গিয়ে রিপাবলিকান প্রার্থীদের জেতানোর চেষ্টায় বলেছিলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ওয়াশিংটনে কী কী বিপদ হতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন । কেউ কেউ মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনকে তিনি নিজের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করতে চেয়েছিলেন ৷ পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ তিতিবিরক্ত হলেও সবসময় নিজের শুল্ক নীতি এবং ইরান যুদ্ধের হয়ে গলা চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।