বাংলায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, এই অভিযোগে শুক্রবার সংসদ চত্বরে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমূল-সহ ইন্ডিয়া জোট। বিক্ষোভে যোগ দেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের বিক্ষোভে ‘বাংলার অপমান মানছি না, মানব না।’ এ দিন সংসদ চত্বরে তৃণমূলের পাশাপাশি বিক্ষোভ দেখান কংগ্রেস এবং অন্য বিরোধী দলের সাংসদরাও। নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি ভোট চুরি করছে, এই অভিযোগ তুলেও এ দিন সরব হয় ইন্ডিয়া জোট। SIR ইস্যুতে একজোট বিরোধী শিবির। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে কমবেশি ৬০ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। এই ইস্যুতে বিতর্ক তুঙ্গে। তৃণমূলের বিক্ষোভে উঠেছে সেই প্রসঙ্গও। এ দিন তৃণমূল সাংসদদের হাতে ছিল ‘ভোট চুরি’ লেখা পোস্টার। SIR-কে ‘সাইলেন্স ইনভিজিবল রিগিং’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। এ দিন সেই পোস্টারও ছিল তৃণমূলের বিক্ষোভে। দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা স্লোগান তোলেন, ‘নির্বাচন কমিশন হায় হায়’। একই সঙ্গে ‘নির্বাচন কমিশন লজ্জা’ বলেও স্লোগান দেন তাঁরা। গলা মেলান অভিষেকও। বৃহস্পতিবার রাতে ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের সঙ্গে নৈশভোজ করেন রাহুল গান্ধী। সেখানেও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি ভোট চুরি করেছে বলে অভিযোগ করেন তিনি। নৈশভোজে উপস্থিত ছিলেন অভিষেকও। রাহুলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। SIR, নির্বাচন কমিশনের ভূমিকার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ নিয়েও তাঁদের আলোচনা হয় বলে জানা গিয়েছে।