পুরীর জগন্নাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার হুমকি । মন্দিরের পরিক্রমা পথে বুধি মা মন্দিরের দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা মিলেছে । তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ করা রয়েছে এবং তাঁকেও হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে ফোন নম্বরও দেওয়া আছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই বুধবার পুরীতে শোরগোল পড়ে গিয়েছে । সূত্রের খবর, ঘটনার তথ্য পাওয়ার পর পুরীর পুলিশ তদন্ত শুরু করেছে । সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্ত করার এবং এই ধরনের কাজের পিছনে তাদের উদ্দেশ্য খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করা হয়েছে । তবে কে এবং কেন এই কাজ করেছে তা এখনও জানা যায়নি ৷ এই বিষয়ে পুরীর এসপি পিনাক মিশ্র বলেন, “আজ সকালে আমরা খবর পেয়েছি যে বুধি মা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে । মন্দিরের ভেতরে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে । মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা এটিকে গুরুত্ব সহকারে নিয়েছি । এই লেখাটি কখন লেখা হয়েছিল, কে লিখেছে, দেওয়ালে কার ফোন নম্বর লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করে দেখছে । সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে । বিশেষ দল কিছু সূত্র পেয়েছে । ঘটনার তদন্ত চলছে ।” পুরীর মন্দিরের অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে । মন্দিরের পরিক্রমা পথে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, বুধি মা’র মন্দিরে এই লেখা কে এবং কখন লিখেছে, সেখানে নিযুক্ত নিরাপত্তারক্ষীরা কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পুলিশ অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক ।


