কন্নড় অভিনেতা দর্শনের জামিন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। রেনুকাস্বামী খুনের মামলায় দর্শনকে জামিন দিয়েছিল কর্নাটক হাই কোর্ট। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার অভিনেতার জামিন বাতিল করে জানিয়েছে, কর্নাটক হাই কোর্টের নির্দেশ সঠিক নয়। ইচ্ছে মতো রায় দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, বৃহস্পতিবারই জেলে পাঠাতে হবে কন্নড় অভিনেতাকে। সুপ্রিম কোর্ট সতর্ক করে এও জানিয়ে দিয়েছে, জেলে থাকার সময় কোনও ভাবেই যেন বাড়তি কোনও সুবিধা না পান অভিনেতা। অভিনেতা দর্শনের বান্ধবী পবিত্রা গৌড়াকে কুরুচিকর ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল রেনুকাস্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, তার জেরে দর্শন ও তাঁর সঙ্গীরা রেনুকাস্বামীকে অপহরণের পরে বেধড়ক পিটিয়ে খুন করেন বলে অভিযোগ ওঠে। ২০২৪ সালের ৯ জুন রেনুকাস্বামীর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় শোরগোল পড়ে দক্ষিণ ভারতের চলচ্চিত্র মহলে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মৃতের শরীরে ৩৯টি আঘাতের চিহ্ন ছিল।