মুম্বইয়ে একটি বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর গাড়ি। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর শ্যালিকা শিল্পা শিরোদকার সোশ্যাল মিডিয়ায় বাস সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, দায় এড়িয়ে পুরো দায়িত্ব চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুর্ঘটনার ছবি দিয়ে লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিযোগ দায়ের করতে সহায়তার জন্য মুম্বই পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। শিল্পা আরও জানান, তার সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকে নিরাপদে রয়েছেন, কেউ আহত হয়নি। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি গাড়ির ক্ষতিগ্রস্ত অংশের ছবি দিয়ে লেখেন, ‘একটি সিটি-ফ্লো বাস আজ আমার গাড়িতে ধাক্কা মারে। আর মুম্বই অফিসের প্রতিনিধি মি. যোগেশ কদম ও মি. বিলাস মানকোতে বলছেন এটি সংস্থার দায় নয়, চালকের দায়। এরা কতটা নির্মম! একজন চালক কতই বা উপার্জন করেন!’ শিল্পা জানান, যদিও তিনি অফিসিয়ালি অভিযোগ দায়ের করেছেন তবুও সংস্থা দায়ভার এড়িয়ে যাচ্ছে। মুম্বই পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ @mumbaipolice @cpmumbaipolice, খুব সহজে অভিযোগ নথিভুক্ত করতে সাহায্য করার জন্য। কিন্তু সংস্থা কোনও দায় নিতে রাজি নয়। @cityflo.ind অনুরোধ করছি বিষয়টি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। সৌভাগ্যবশত আমার কর্মীরা ঠিক আছেন, কিন্তু যেকোনও কিছু ঘটতে পারত’।

