উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে কি ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরোর) এক বিজ্ঞানীকে দাঁড় করাচ্ছে ইন্ডিয়া জোট? কান পাতলে ইতিউতি তেমনই শোনা যাচ্ছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ডিএমকের বর্ষীয়ান নেতারা ইসরোর বিজ্ঞানীর নাম সুপারিশ করেছেন। যিনি তামিলনাড়ুরই বাসিন্দা। আর অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।  আসলে এনডিএ জোটের সংখ্যান কারণে উপ-রাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের জয় কার্যত নিশ্চিত হলেও শক্তিশালী প্রার্থী দেওয়ার কথাই ভাবছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় স্তরে পরিচিত অরাজনৈতিক ব্যক্তিত্বকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছে। সেই রেশ ধরে ইসরোর বিজ্ঞানীকে প্রার্থী করা হলে বিভিন্ন মহলে ইতিবাচক বার্তা দিতে পারবে ইন্ডিয়া জোট। ইসরোর বিজ্ঞানী ছাড়াও উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডিএমকে নেতা তিরুচি শিবার নামও ঘোরাফেরা করছে। বিষয়টি নিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ অবশ্য কোনও মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, জোটের শীর্ষ মহলের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরোর বিজ্ঞানী বা তিরুচিকে প্রার্থী করা হলে শাসক এবং বিরোধী জোটের প্রার্থীই তামিলনাড়ুর মানুষ হবেন।  এমনিতে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাধাকৃষ্ণনকে যে প্রার্থী করেছে এনডিএ জোট, সেটার পিছনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের বড় ভূমিকা আছে। আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ুতেও ভোট হবে। রাধাকৃষ্ণনকে প্রার্থী করে তামিল মানুষদের ভাবাবেগ পাওয়ার চেষ্টা করছে এনডিএ। বিরোধীরাও তামিলনাড়ুর কোনও মানুষকে প্রার্থী করলে অতটাও ফায়দা তুলতে পারবে না শাসক জোট।