দেশ রাজনীতি

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি

 বৃহস্পতিবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি৷ হাজির ইন্ডিয়া শিবিরের একাধিক নেতা ৷ গতকাল এনডিএ জোটের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ ছবিগুলি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “মন্ত্রী, দলের সহকর্মী এবং এনডিএ নেতাদের সঙ্গে নিয়ে থিরু সিপি রাধাকৃষ্ণন দেশের উপ-রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন ৷ তিনি একজন দুর্দান্ত উপ-রাষ্ট্রপতি হবেন ৷ এ বিষয়ে এনডিএ পরিবার আত্মবিশ্বাসী ৷” গত 17 অগস্ট এনডিএ জোট উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করে ৷ তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের দু’দুবারের লোকসভা সাংসদ ৷ অল্প বয়সেই বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে যোগ দেন ৷ এনডিএ জোটের দাক্ষিণাত্য নীতির পর ইন্ডিয়া শিবিরও উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর সন্ধানে দক্ষিণেই জোর দেয় ৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করে ৷ তিনি অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র ৷ আগামী 9 সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৷ এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, “আজ বিরোধী দলগুলির উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি ৷ এটা একটা সম্মান ৷ বিনয়, দায়িত্ব এবং সংবিধানে যে মূল্যগুলির কথা রয়েছে তার প্রতি অবিচল দায়বদ্ধতার সঙ্গে এই মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছি ৷” গত 21 জুলাই সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন রাতে হঠাৎ শারীরিক কারণ দর্শিয়ে উপ-রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড় ৷ তারপর থেকে এই আসনটি ফাঁকা ৷ 2022 সালের অগস্টে তিনি উপ-রাষ্ট্রপতি পদে আসীন হন ৷ 2027 সালের অগস্টে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার অনেক আগেই তিনি পদত্যাগ করেন ৷ যদিও এই পদত্যাগের নেপথ্যে ‘ডাল মে কুছ কালা’ বলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিল কংগ্রেস ৷