বহুতল ভেঙে দুর্ঘটনা মহারাষ্ট্রে ৷ বহুজনের মৃত্যুর আশঙ্কা ৷ বুধবার রাতে পালঘরের ভাসাইয়ের নারাঙ্গি রোডের কাছে অবস্থিত বহুতলের একাংশ ভেঙে পড়ে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ বুধবার রাত ১২টা ৫ ​​মিনিট নাগাদ মুম্বই সংলগ্ন পালঘরের ভিরার এলাকার বিজয় নগরে ওই বহুতলটি ভেঙে পড়ে বলে আধিকারিকরা জানান ৷ প্রায় 50টি ফ্ল্যাট ছিল বহুতলটিতে ৷ তার মধ্যে চারতলা রমাবাই অ্যাপার্টমেন্টটি ধসে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন । প্রত্যক্ষদর্শীদের মতে, চারতলায় এক বছরের এক মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় ভবনের একটি অংশে থাকা ১২টি ফ্ল্যাট ধসে পড়ে ৷ যার ফলে ধ্বংসস্তূপের নিচে বাসিন্দা এবং অতিথিরা আটকে পড়েন । পালঘর জেলার ভিরার এলাকায় এই বহুতল ধসের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বৃহস্পতিবার প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷ এই ঘটনায় পালঘরের জেলা কালেক্টর ডঃ ইন্দু রানি জাখর বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে বলেন যে, “এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে । ঘটনার সময় যে মেয়েটির জন্মদিন পালন করা হচ্ছিল তারও মৃত্যু হয়েছে ৷ তবে আরও কেউ ধব্বংসস্তূপে আটকে রয়েছেন কিনা তা জানতে উদ্ধার কাজ অব্যাহত থাকবে ৷ কাজ প্রায় সম্পূর্ণ ৷ তবে ধ্বংসস্তূপ পরিষ্কারের অভিযান শেষ করার আগে আমরা পুরোপুরি নিশ্চিত হতে চাই ৷” ভাসাই-ভিরার পুর কর্পোরেশনের (ভিভিএমসি) একজন আধিকারিকের মতে, আহত এবং উদ্ধার হওয়া আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় পুলিশ এবং দমকল বিভাগ-সহ জরুরি দলগুলি ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে আরও কেউ সেখানে আটকে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে । কর্তৃপক্ষ বুধবার মৃতদের মধ্যে সাতজনকে শনাক্ত করেছে । জেলা দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিক বিবেকানন্দ কদম আগেই বলেছিলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, দুর্ভাগ্যবশত বহুতলের আশেপাশের সমস্ত চালিত বাড়ি খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে । ভিভিএমসির সহকারী কমিশনার গিলসন গনসালভেস বলেন যে, “বহুতলটি অবৈধ । প্রথমত, এটি জনবহুল এলাকায় অবস্থিত ৷ ভেঙে পড়া বহুতলে ভারী যন্ত্রপাতি আনতে আধিকারিকদের সমস্যা হওয়ায় ধ্বংসাবশেষ সরাতে দেরি হয়েছে । ধসের ফলে বেশ কয়েকটি পরিবার ঘরছাড়া হয়ে পড়েছে । সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে চন্দনসার সমাজমন্দিরে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে । আমরা খাবার, জল, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছি ৷”