লখনউয়ে গুড়ম্বায় জোরালো বিস্ফোরণ ! রবিবার বেলা ১২টা নাগাদ কেঁপে ওঠে এলাকা ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন স্থানীয়রা আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এর প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। ভেঙে যাওয়া অংশের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন আরও ৫ জন ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ এদিনের বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ পুলিশ সূত্রে খবর, গুড়ম্বা এলাকার বেহতা গ্রামে একটি বাজি কারখানা রয়েছে। দীপাবলির জন্য এখানে বাজি তৈরি করা হচ্ছিল। রবিবার বেলা ১২টা নাগাদ শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। এরই মধ্যে হঠাৎ কারখানায় আগুন লেগে যায়। এরপর কারখানায় রাখা বাজিগুলিতে একে একে বিস্ফোরণ হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে। পুলিশ আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় ২ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। বেশ কয়েকটি দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে ৷

