পশ্চিম সিকিমে ভয়াবহ ধস ৷ বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ধস নেমে কমপক্ষে চারজনের প্রাণ গিয়েছে ৷ এখনও বেশ কয়েকজনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ পরে হাসপাতালে নিয়ে আসা হলে আরও একজনের মৃত্যু হয় ৷ ঘটনায় একজনকে উদ্ধার করা গিয়েছে ৷ আপাতত স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধস নামার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশ ও এসএসবি জওয়ানদের একটি দল ৷ স্থানীয়দের সাহায্যে ধ্বংসাবশেষ থেকে পাঁচজনকে অবস্থায় উদ্ধার করা হয় ৷ তাঁদের মধ্য়ে তিনজনের আগেই মৃত্যু হয়েছিল ৷ বাকি দুজনের দেহে প্রাণ ছিল ৷ এই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ এখনও উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে ৷ ধস থেকে শুরু করে মেঘভাঙা বৃষ্টি এবং তা থেকে তৈরি হওয়া হড়পা বান- এ বছরের বর্ষায় দেশের বিভিন্ন অংশে একাধিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ বিশেষ করে উত্তারাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর-উত্তর ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ বারের বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ জুন মাসে বর্ষা প্রবেশের পর থেকেই দেশে ঘটনার ঘনঘটনা ৷


