বর্ষবরণের রাতে শৃঙ্খলা বজায় রাখতে গোটা শহররে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রেখেছিল কলকাতা পুলিশ । শহরের গুরুত্বপূর্ণ মোড়, পার্ক, বিনোদন কেন্দ্র এবং জনসমাগমপূর্ণ এলাকায় ছিল নাকা চেকিং ৷ ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছিল অতিরিক্ত বাহিনী ৷ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 263 জনকে ৷ ট্র্যাফিক আইনভঙ্গে মামলা হয়েছে 1301টি ৷ 31 ডিসেম্বর নিউ ইয়ার ইভ উপলক্ষে গোটা কলকাতাজুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক আধিকারিক বলেন, “নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করেছে ।”কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে 263 জনকে গ্রেফতার করা হয়েছে । অভিযানের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রীও উদ্ধার করা হয় । পুলিশের হাতে ধরা পড়ে প্রায় চার কেজি বেআইনি বাজি । পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে 16.95 লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে । শুধু আইনশৃঙ্খলাই নয়, বর্ষবরণের রাতে শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনাতেও কড়া নজরদারি চালায় কলকাতা পুলিশ । দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাতভর ট্র্যাফিক চেকিং করা হয় । ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি ও বাইক চালানোর অভিযোগে একাধিক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিউ ইয়ার ইভ-এর রাতে ট্র্যাফিক আইন ভাঙার মোট 1301টি ঘটনা নথিভুক্ত হয়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়েছে ট্রিপল রাইডিংয়ের ঘটনা – 235টি । হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য 480 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । বেপরোয়া গতিতে গাড়ি চালানোর (র‍্যাশ ড্রাইভিং) অভিযোগে 178টি মামলা হয়েছে । নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ধরা পড়েছেন 149 জন । এছাড়াও অন্যান্য বিভিন্ন ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনায় আরও 259টি মামলা রুজু করা হয়েছে । কলকাতা পুলিশের দাবি, এই কঠোর নজরদারি ও সক্রিয় অভিযানের ফলে বর্ষবরণের রাতে শহরে বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । সাধারণ মানুষের সহযোগিতায় আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থা মোটের উপর নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলেই পুলিশের বক্তব্য । নতুন বছরের শুরুতে শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কড়া ব্যবস্থা বজায় রাখা হবে বলে জানানো হয়েছে ।