আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলতে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ ভেনেজুয়েলায় মার্কিন সেনার হামলা ও সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ বলে মনে করেন গুতেরেস ৷ পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করা হচ্ছে না ৷ এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, সমগ্র লাতিন আমেরিকার জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। শনিবার রাতে গুতেরেসের মুখপাত্র এক বিবৃতি জারি করেছেন ৷ তাতে মহাসচিব বলেছেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের উপর সামরিক অভিযান চালিয়ে বিপজ্জনক উদাহরণ তৈরি করা হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সমস্ত পক্ষকেই আন্তর্জাতিক আইন, বিশেষ করে রাষ্ট্রসংঘের সনদকে পূর্ণ সম্মান করতে হবে। এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি ৷ ভেনেজুয়েলার সকল পক্ষকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’র মাধ্যমে এই সংকট সমাধান করতে আহ্বান জানিয়েছেন মহাসচিব ৷ তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে আলাপ-আলোচনা শুরু করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পৃথক এক বার্তায় রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার তুর্কও ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমরা সকলকে সংযত থাকতে অনুরোধ করছি ৷ প্রত্যেককে রাষ্ট্রসঙ্ঘের সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ পরবর্তী যে কোনও পদক্ষেপের জন্য এটিই পথপ্রদর্শক ৷” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে বন্দির পর ট্রুথ সোশালে লেখেন, “আমেরিকা ভেনেজুয়েলা এবং মাদুরোর বিরুদ্ধে বড় অভিযান চালায় যা সফল হয়েছে ৷ মাদক-সন্ত্রাস নিয়ে ভেনেজুয়েলাকে বার বার সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তায় কোনও কাজ হয়নি। ফলে এই ধরনের সন্ত্রাসকে রুখে দিতেই ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন ছিল। প্রসঙ্গত, আমেরিকার অভিযোগ মাদক পাচার এবং অন্য নানা অপরাধ সংগঠিত করতে তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে ৷ মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এক্স পোস্টে লেখেন, “মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার অভিযোগ উঠেছে ৷ তাঁদের শীঘ্রই আমেরিকার আদালতে পেশ করা হবে ৷”

