কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকে ইউরেনিয়াম-সহ একাধিক খনিজ সরবরাহ চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ ৷ সোমবার দুই রাষ্ট্রনেতার বৈঠকে নতুন কাঠামোও চূড়ান্ত হয়েছে ৷ এখানে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বার্ষিক বাণিজ্য 50 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চুক্তি করেছে দুই দেশ । দুই দেশ ইউরেনিয়াম, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের মূল চুক্তিগুলিতেও সম্মত হয়েছে ৷ পাশাপাশি, দ্রুত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিরও প্রতিশ্রুতি দিয়েছে। কানাডা 2.6 বিলিয়ন ডলারের ইউরেনিয়াম সরবরাহ চুক্তির অধীনে ভারতের অসামরিক পারমাণবিক শক্তি খাতে সহায়তা করবে বলে জানা গিয়েছে। দুই রাষ্ট্রনেতা প্রতিরক্ষা, প্রযুক্তি, ছোট এবং মডিউলার পারমাণবিক চুল্লি, শিক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ৷ মোদি জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন নতুন শক্তি, পারস্পরিক বিশ্বাস এবং ইতিবাচক মনোভাবে পূর্ণ।

