ডিএ মামলায় আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার ৷ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে আরও বেশ খানিকটা সময় চায় রাজ্য প্রশাসন ৷ 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত রায় দিয়েছিল অবিলম্বে বকেয়ার 25 শতাংশ মিটিয়ে দিতে হবে ৷ কিন্তু রাজ্য চায় ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হোক 31 ডিসেম্বর ৷ রাজ্য় প্রশাসনের আবেদনে ক্ষুব্ধ সরকারি কর্মীদের একাংশ ৷ তাঁরা 13 মার্চ বনধ ডাকতে পারেন বলে জানা গিয়েছে ৷
সেদিন শীর্ষ আদালত একটি চার সদস্যের কমিটি গঠন করারও নির্দেশ দেয় ৷ এই কমিটির কাজ রাজ্য় সরকারের সঙ্গে কথা বলে বকেয়ার বাকি 75 শতাংশ টাকা কবে এবং কীভাবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পাবেন তা ঠিক করে দেওয়া ৷ মোট কটি কিস্তিতে টাকা দেওয়া হবে তা নির্ধারিত হওয়ার পর 31 মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতেও নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত ৷ এবার সময়সীমা বাড়ানোর আবেদন জানাল রাজ্য প্রশাসন ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই আবেদন করা হয়েছে ৷ এই বেঞ্চই ডিএ মামলায় রায় দিয়েছিল ৷
বিধানসভা নির্বাচনের আগে ডিএ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ৷ গত কয়েক বছর ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা ৷ তাঁদের ক্ষোভকে কাজে লাগিয়ে শাসক শিবিরের উপর চাপ তৈরির কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি হয়নি বিরোধী শিবির ৷ এমনই আবহে 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ রায়ে প্রকাশ্যে আসার পর শীর্ষ আদালতের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও কমিটি তৈরি হয়েছিল ৷ এবার বকেয়া দিতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করল রাজ্য় ৷ এদিকে আদালত নির্দেশ দেওয়ার পর রাজ্য় বকেয়া মেটাতে কোনও উদ্যোগ নিচ্ছে না এমনটাই দাবি কর্মীদের একটা বড় অংশ ৷ আর এই অভিযোগকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন ৷ এই নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্রকে ৷ মাস খানেক আগে ডিএ মামলায় বড় ধাক্কা খায় রাজ্য সরকার ৷ রাজ্যের দাবি খারিজ করে শীর্ষ আদালত রায় দেয়, বকেয়া ডিএ-র 25 শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে ৷ পাশাপাশি বাকি 75 শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার কীভাবে মেটাবে তা ঠিক করতে চার সদস্যের কমিটি গঠন করেছে শীর্ষ আদালত । সেই চার সদস্যের কমিটিতে আছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাধুরিয়া এবং সিএজি’র (CAG) একজন সদস্য ৷ আর এই কমিটিকে 6 মার্চের মধ্যে সুপ্রিম কোর্টেকে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছিল ৷ রিপোর্টে কোন কোন বিষয় জানাতে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ কিন্তু রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত দিনে রাজ্য প্রশাসনের নয়া আবেদনের পর ডিএ মামলা নতুন কোনও মোড় নেয় কি না সেটাই দেখার ৷

