রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি মাস থেকেই ডিএ দেওয়া শুরু হচ্ছে। রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করা হবে। তার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৩টে ৫ মিনিটে সমাজমাধ্যমে ডিএ সংক্রান্ত ঘোষণার পোস্টটি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাতে লিখেছেন, ‘‘আমাদের মা-মাটি-মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।’’ রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থপ্রদানের পদ্ধতি ও সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে বলেও জানান মমতা। উল্লেখ্য, রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে বলেছিল সুপ্রিম কোর্টই। বলা হয়েছিল, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বাকি অর্থ কী ভাবে মেটানো হবে, তা ঠিক করতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে আদালতই একটি কমিটি গঠন করে দিয়েছিল। কিন্তু রাজ্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে ফের আদালতে আবেদন করে। এখনও সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠেনি। আদালতের নির্দেশ অনুযায়ী ভোটঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরোহিত এবং মোয়াজ্জেমদের ভাতাও বাড়ানো হল ৷ পুরোহিত ও মুয়াজ্জিনদের সাম্মানিক ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী। সুবিধাভোগীরা এখন থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন।