ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই পবিত্র দিনে ভ্রাতৃত্বের বার্তা দিলেন তিনি ৷ রমজান মাসের প্রাত্যহিক কঠিন উপবাসের পর আসে ঈদ ৷ মেতে ওঠে দেশ তথা বিশ্বের মুসলমান সম্প্রদায় ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ গত কয়েকদিন ধরে কলকাতা থেকে শুরু করে দেশের প্রায় সমস্ত বড়-ছোট শহরের বাজারে চলেছে ঈদের কেনাকাটা ৷ সমস্ত প্রস্তুতি শেষে শুরু হয়েছে খুশির ঈদ ৷ মসজিদে মসজিদে ভোর থেকে শুরু হয়েছে নমাজ পাঠ ৷ তারপর একে অপরকে আলিঙ্গন করে উৎসবে ব্রতী হয়েছে আসমুদ্র হিমাচল ৷ বেলা একটু বাড়তেই শুরু হয়েছে খাওয়া-দাওয়ার পালা ৷ রান্নার গ্যাসের অভাব উৎসবের তাল খানিকটা কেটেছে তাতে সন্দেহ নেই ৷ তবে সে সমস্ত ভুলে আজ শুধুই মেতে ওঠার দিন ৷ কলকাতায় রেড রোডের নমাজে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া দেশের প্রায় সমস্ত রাজ্য়েই পালিত হয়েছে উৎসব ৷ এরই মধ্য়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ সোশাল মিডিয়ায় করা পোস্টে মোদি লেখেন, “সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ৷ ভ্রাতৃত্ব বোধ আর করুণায় এই দিনটি পরিপূর্ণ হয়ে উঠুক ৷ সকলের সুস্থতা এবং কল্যাণ কামনা করি ৷ “এর আগে শুক্রবারই দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতের চিরাচরিত বৈচিত্রের মধ্যের থাকা ঐক্যের ধারনাকে আরও একবার তুলে ধরেন তিনি ৷ কলকাতার বিশ্ববিখ্যাত রেড রোডের অনুষ্ঠান থেকে একাধিক প্রশ্নে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হলেন মমতা ৷ আক্রমণ করলেন অভিষেকও ৷ তাঁদের স্পষ্ট বার্তা, এসআইআরের নামে কারও ভোটাধিকার কাড়তে দেওয়া হবে না ৷ সরাসরি প্রধানমন্ত্রীকেও এদিনের অনুষ্ঠান থেকে আক্রমণ করেন মমতা ৷ বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির কবিতার অংশ তুলে ধরে মোদি সরকারকে নিশানা করেন অভিষেকও ৷ রমজান মাসের শেষে আসে ঈদ ৷ তবে রীতিনীতির দিক থেকে এই দিনটা অনেকটাই আলাদা রমজান মাসের থেকে ৷ আকাশে চাঁদের দেখা মেলার পর সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন হয় ৷ অন্যদিনের থেকে এই প্রার্থনাও আলাদা ৷ এদিন যাঁদের কাছে আছে তাঁদের অন্যদের সাহায্য় করতে হয় ৷ যাতে তারাও অনুষ্ঠানের অংশ হতে পারেন ৷

