রবিবার সাতসকালে দুর্গাপুরে শোরগোল। সিটি সেন্টার এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে পাইপড ন্যাচরাল গ্যাস বা PNG-র লাইনে বিপত্তি। তার জেরেই পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে। বরফের মতো সাদা কণা রাস্তার উপরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। আসেন গ্যাস সংস্থার আধিকারিকরাও। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ দিকে লাইন বন্ধ রেখে কাজ করা হচ্ছে। ফলে সিটি সেন্টার এলাকায় বাড়িতে গ্যাস জ্বলছে না সকাল থেকে। স্থানীয় বাসিন্দা উত্তম গড়াই জানান, শনিবার রাত থেকেই গ্যাসের গন্ধ বেরোচ্ছিল। কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে তা তাঁরা ভাবতেও পারেননি। রবিবার সকালে দেখেন একটি পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছে। LPG-এর উপরে নির্ভরতা কমাতে ও এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও নানা জায়গায় ইতিমধ্যেই পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছে। অনেক জায়গায় PNG সরবরাহও করা হচ্ছে।

