বিধানসভা নির্বাচনে মানুষ ধর্মের ভিত্তিতে নয় ভোট দিক কর্মের ভিত্তিতে। রায়না বিধানসভার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্দিরা দলুইয়ের সমর্থনে প্রচার করতে এসে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো ফের বর্ধমানের ফল 16-0 হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার মতে, রায়না বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার 50 হাজারের বেশি ভোটে জয়লাভ করবে। 4 মে পদ্ম ফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে। এদিন রায়নার জনসভা থেকে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদন, “মোদি সরকার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করাতে ভালোবাসে। নোটবন্দি থেকে শুরু করে এসআইআর-এর লাইন আবার এখন গ্যাসের লাইনে মানুষকে দাঁড় করিয়ে নাকানিচোবানি খাওয়াচ্ছে। তাই ভোটের লাইনে দাঁড়িয়েই এই লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। জোড়া ফুলে বোতাম টিপে মানুষ এর জবাব দেবে।” তিনি বলেন, “বিজেপি চায় আপনাদের চোখে জল নামুক। আর তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক। এটাই পার্থক্য। তাই এমনভাবে জবাব দিন যেন 4 মে পদ্মফুলের বাবুদের চোখে সর্ষে ফুল দেখাতে হবে।” ভোটারদের কাছে তিনি ব্যাখ্যা করেন, “যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল 400 টাকা। আজ সেই দাম হাজার টাকা ছুঁয়ে গিয়েছে। পাল্লা দিয়ে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। চা পাতা, মশলা থেকে শুরু করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। তবুও কোনও হেলদোল নেন কেন্দ্রের। 12 বছর ক্ষমতায় থেকে বিজেপি মানুষের জন্য কিছুই করেনি। বরং, পকেট কেড়েছে ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার-সহ একাধিক প্রকল্পের সুবিধার মাধ্যমে টাকা দিচ্ছেন। রায়না বিধানসভা এলাকায় 91 হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। 66 হাজার কৃষক ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 19 হাজার যুবক ‘যুবশ্রী’ পাচ্ছেন।” গত দু বছরে 13902 জনকে বাড়ি তৈরির জন্য 1 লক্ষ 20 হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গ্রামবাসীদের আশ্বস্ত করে তিনি জানান, নতুন সরকার গঠন হলে রায়নার মানুষের জন্য একটা ফায়ার ব্রিগেড ও একটা কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে বলে। কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গোবিন্দভোগ চালের রফতানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তাই সাধারণ মানুষের উচিত বিজেপিকে একটাও ভোট না দেওয়া।” তাঁর মতে বিজেপিকে ভোট দেওয়া মানে সিপিএমের হাত শক্ত করা। 2021 বিধানসভা নির্বাচন ও 2024 সালের নিরিখে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী 18 হাজারের বেশি ভোটে জিতেছিল। 2024 লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 51.2 শতাংশ ভোট পেয়ে এগিয়েছিল। এবার রায়না বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 50 হাজারের বেশি ভোটে জিতবে ৷”

