বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষের ভোটদানের অধিকার কোনও ভাবেই লঙ্ঘিত হচ্ছে না। তারা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। এসআইআর মামলায় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এমনই জানিয়েছে। তালিকা থেকে বাদ পড়াদের জন্য আবেদনের জবাবে বেঞ্চ বলেছে, নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। ওই তালিকা আর পরিবর্তন করা সম্ভব নয়। তবে যারা বাদ পড়েছেন, তাদের আবেদন নিয়ম মেনে যাচাই করবে ট্রাইবুনাল। ফলে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও তাদের ভোটাধিকার কোনও ভাবেই বাতিল হচ্ছে না। এই নিয়ে এদিন সাংবাদিকদের তৃণমূলের তরফে শশী পাঁজা ও কুণাল ঘোষ বলেন, রাজ্য আগাগোড়াই বলেছে, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ ভোটারদের জন্য লড়াই করেছেন। তাঁর লড়াইয়ের জন্যই বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ৩২ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকায় জায়গা পেয়েছে।