দিল্লি হাইকোর্টের এক বিচারপতিকে আবগারি দুর্নীতি মামলা থেকে অব্যহতি নিতে অনুরোধ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সোমবার আদালতে শুনানিতে অংশ নিয়ে আপ প্রধান জানান, বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা তাঁর মামলা শুনলে সুবিচার পাবেন না বলে তিনি আশঙ্কা করছেন ৷ আইনের ব্যাখ্য়া তুলে ধরে কেজরি জানান, কোনও একটি মামলা থেকে বিচারপতিকে অব্যহতি নিতে বলার মানে তাঁর সততা নিয়ে প্রশ্ন তোলা নয় ৷ তাঁকে অসম্মান করাও নয় ৷ কোনও মামলায় সুবিচার পাওয়ার ব্যাপারে আশঙ্কা থাকলে এই আবেদন করা যায় ৷ নিজের আবেদনের পক্ষে দশটি যুক্তি আদালতের সামনে উপস্থাপন করেছেন কেজরি । এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি মন্তব্যকে হাতিয়ার করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে শাহ মন্তব্য় করেছেন, পরিস্থিতি যা তাতে কেজরিকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে ৷ তাঁর অভিযোগ, এখান থেকেই স্পষ্ট তিনি হাইকোর্টে সুবিচার পাবেন না । তাছা়ড়া ওই বিচারপতির বিজেপি-আরএসএস ‘ঘনিষ্ঠ’ সংস্থা অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের নানা অনুষ্ঠানে চারবার গিয়েছেন বলেও দাবি কেজরির ৷ একইসঙ্গে কেজরি মনে করেন, এর আগে বিচারপতি শর্মা যে রায় দিয়েছেন সেটা তাঁকে সমাজের কাছে অপরাধী প্রতিপন্ন করতে যথেষ্ট ৷ শুনানিতে মুখ্যমন্ত্রীর প্রথম দুটি দাবি প্রসঙ্গে বিচারপতি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ কী বলবেন না বলবেন সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা কি তাঁর আছে ? অধিবক্তা পরিষদের অনুষ্ঠানে হাজির থাকা নিয়ে বিচারপতির প্রশ্ন, “আমি কি ওই অনুষ্ঠানে গিয়ে কোনও রাজনৈতিক বা মতাদর্শগত মন্তব্য করেছি ?” কেজরির জবাব উপস্থিত থাকাই যথেষ্ট ৷ কারণ তিনি আদর্শগতভাবে বিজেপি-আরএসএসের বিরোধিতা করেন ৷ এমতাবস্থায় যে বিচারপতি বিজেপি-আরএসএস ঘণিষ্ঠ কোনও সংস্থার অনুষ্ঠানে বারবার যান তাঁর থেকে সুবিচার পাওয়ার আশা রাখা যায় না ৷ আবগারি দুর্নীতি মামলায় 27 ফেব্রুয়ারি দিল্লির একটি আদালত কেজরিওয়াল থেকে শুরু করে তাঁর সরকারে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মণিশ সিসোদিয়াকে অভিযোগ থেকে মুক্তি দেয় ৷ তদন্তের সঙ্গে জড়িত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেয় আদালত ৷ নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করে সিবিআই ৷ 9 মার্চ বিচারপতি এই মামলার সঙ্গে জড়িত 23 জনকে নোটিশ পাঠান সেই তালিকায় কেজরি আর সিসদিয়াও ছিলেন ৷ পাশপাশি সেদিন তাঁর পর্যবেক্ষণ ছিল, নিম্ন আদালত যে রায় দিয়েছে তার কয়েকটি অংশ নিয়ে সংশয়ের অবকাশ আছে ৷ সেগুলি আরও একবার বিবেচনা করা প্রয়োজন ৷ পাশাপাশি সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের উপরও স্থগিতাদেশ বিচারপতি শর্মা ৷ এবার তাঁর এজলাসে হাজির হয়ে তাঁকেই মামলা ছাড়তে অনুরোধ করলেন কেজরি ৷
বিচারপতি আরএসএস-বিজেপির আদর্শের প্রতি ‘দুর্বল’! মামলা ছাড়ার অনুরোধ অরবিন্দ কেজরিওয়ালের
Byবঙ্গনিউজ
Apr 13, 2026
