বিধানসভা নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যের একাধিক আইএএস আইপিএস আধিকারিকও অন্যান্যদের বদলির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনজীবী অর্ক নাগের দায়ের করা মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত , বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ এদিন জানিয়েছে শীর্ষ আদালত এই আবেদন শুনতে ইচ্ছুক নয়। মামলাকারী অর্ক নাগের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন শীর্ষ আদালতে বলেন, “এর আগের নির্বাচন পর্যন্ত রাজ্যের পরামর্শ নেওয়া হতো। এবার তা হয়নি।” প্রধান বিচারপতি বলেন, “রাজ্যের পরামর্শ নিতেই হবে আইনের কোথাও বলা নেই। রাজ্যের যেমন নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। একইভাবে কমিশনেরও রাজ্যের নিযুক্ত আধিকারিকদের উপর বিশ্বাস নেই সেই জন্যই এই পরিস্থিতি হয়েছে।” প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “হাইকোর্ট এই বিষয় বিবেচনা করে যা নির্দেশ দেওয়ার দিয়েছে। অফিসারদের তো বাইরের রাজ্য থেকে আনা হয়নি। রাজ্যেরই অফিসারদেরই বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তারা কেউ অযোগ্য নয়। রাজ্যের পরামর্শ নিতেই হবে আইনের কোথাও বলা নেই।” উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ ও এই মামলা দীর্ঘ শুনানির পর খারিজ করে দিয়েছিলেন। 294 সদস্যবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন দুই দফায়— 23 ও 29 এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে 4 মে। শুনানি চলাকালীন, আবেদনকারী অর্ক কুমার নাগের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কিন্তু রাজ্যের পরামর্শ নিতে হবে না, তাও কোথাও বলা নেই। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যসচিবকে এমনভাবে বদলি করা হল।” তিনি আরও জানান, বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রায় ১১০০ জন আধিকারিককে ‘এক রাতের মধ্যেই’ বদলি করা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “রাজ্যের যেমন নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। একইভাবে কমিশনেরও রাজ্যের নিযুক্ত আধিকারিকদের উপর বিশ্বাস নেই৷ সেই জন্যই এটা হয়েছে। শীর্ষ আদালত এই আবেদন শুনতে ইচ্ছুক নয়।”