পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু যাত্রী আহত হয়েছেন।৷ সোমবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ৷ প্রশাসনের আধিকারিকরা জানান, সকাল 10টার দিকে রাম নগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় একটি বাঁক ঘোরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ খবর পাওয়া পরপরই উদ্ধাকাজ শুরু হয় ৷ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । দুর্ঘটনাটি ঘটার সময় বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল । ভারতের পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের জেলা কালেক্টর (ডিসি) মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন । এক্স পোস্টে তিনি লিখেছেন, “এক ঘণ্টারও কম সময় আগে রামনগর থেকে উধমপুরগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ৷ কানোতে গ্রামে ঘটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে এইমাত্র উধমপুরের ডিসি শ্রী মিঙ্গা শেরপার সঙ্গে কথা বললাম ।অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে । ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে । সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে । আহতদের চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে । গুরুতর আহতদের আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে ।আমি স্থানীয় প্রশাসন এবং শ্রী রাজিন্দর শর্মার নেতৃত্বে আমাদের স্থানীয় কর্মী দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ।”