মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার জন্য লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় খারিজ হয়ে যাওয়ার পরে, শনিবার রাতে দূরদর্শন ও আকাশবাণীতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর তাঁর এই বক্তৃতা ঘিরেই এখন উত্তাল জাতীয় রাজনীতি। এটিকে ‘সম্পূর্ণ রাজনৈতিক’ এবং Model Code of Conduct বা নির্বাচনী আদর্শ আচরণবিধির চরম লঙ্ঘন বলে দাবি করে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হলো দুই বাম দল- CPI(M) এবং CPI।
বামেদের প্রধান অভিযোগ সমূহ
এ দিন প্রদান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি দিয়েছে এই দুই বাম দল। তাদের প্রধান অভিযোগ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন। CPI নেতা সন্তোষ কুমার চিঠিতে দাবি করেছেন, ‘সংসদ টিভি’ এবং ‘দূরদর্শন’-এর মতো সরকারি মঞ্চ ব্যবহার করে আসন্ন নির্বাচনে একটি অসম প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। কমিশন এই বিষয়ে নীরব থাকলে, তাদের নিরপেক্ষতাই প্রশ্নের মুখে পড়বে।
তৃণমূলের অবস্থান
এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার হুগলির তারকেশ্বরের জনসভা থেকে তিনি এই ঘটনাকে ‘রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার’ বলে তোপ দেগেছেন। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়েছেন, মোদী নিজের দলের জন্য বেআইনি প্রচার চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন তিনি।

