banganews.net

ভারতীয় নৌবাহিনী পাবে নতুন ৮টি ‘নেক্সট-জেনারেশন করভেট’ (এনজিসি) যুদ্ধজাহাজ। অত্যাধুনিক প্রযুক্তির এই রণতরী নির্মাণে খরচ হবে ৪০ হাজার কোটি টাকা! ইতিমধ্যে এই প্রকল্প অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটি। অত্যাধুনিক জাহাজগুলি নির্মাণ করবে দু’টি রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ সংস্থা। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড (জিএসএল)। বুধবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পরেই প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই দু’টি শিপইয়ার্ডের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ তৈরির চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প, যা সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন পেল। এই প্রকল্পটি নৌবাহিনীর সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী নৌবহরকে শক্তিশালী করার পাশাপাশি দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণ কার্যক্রমকে গতি দেবে বলে আশা করা হচ্ছে। আটটি ‘করভেট’ প্রায় ২,০০০ টন ওজনের উচ্চগতির যুদ্ধজাহাজ। যেগুলির গতিবেগ প্রায় ৩০ নট। উন্নত জাহাজ নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় নৌবাহিনী নিজস্ব তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুন এক ‘স্টেলথ’ (রাডারে সহজে ধরা পড়ে না এমন) রণতরী তৈরি করা হবে। এই যুদ্ধজাহাজগুলি বিভিন্ন ধরনের সামুদ্রিক নিরাপত্তা মিশন কাজ করবে। এগুলি জলপৃষ্ঠ, জলের নিচে এবং শত্রুপক্ষের বায়ুসেনার আক্রমণেও লড়াই করতে সক্ষম। এছাড়াও উপকূলীয় প্রতিরক্ষা, সামুদ্রিক টহল, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানেও কাজ করবে অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলি। মনে করা হচ্ছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর সবচেয়ে কার্যকর শক্তি হয়ে উঠবে ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্প।