পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে৷ ভোটের জন্য যে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছিল, তা বৃহস্পতিবার তুলে নিল নির্বাচন কমিশন৷ এদিন নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে৷ একই সঙ্গে জানানো হয়েছে যে এই নির্দেশ এ রাজ্যের ফলতা বিধানসভার জন্য কার্যকর হবে না৷ সেখানে পুনর্নির্বাচন থাকায় বলবৎ থাকবে আদর্শ আচরণবিধি৷ উল্লেখ্য, গত 15 মার্চ পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন৷ সেদিন থেকে ওই পাঁচ রাজ্য – পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও কেরলম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বলবৎ হয় নির্বাচনী আদর্শ আচরণবিধি৷ অসম, কেরলম ও পুদুচেরিতে গত 9 এপ্রিল বিধানসভার ভোট নেওয়া হয়৷ তামিলনাড়ুতে ভোট নেওয়া হয় গত 23 এপ্রিল৷ ওইদিনই পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ করা হয়৷ পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ করা হয় 29 এপ্রিল৷ গত 4 মে এই চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়৷ তার পর নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন৷ এই বিধানসভা নির্বাচনের সঙ্গেই গুজরাত, কর্নাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার কয়েকটি বিধানসভায় উপ-নির্বাচন হয়েছিল৷ সেখানেও বলবৎ ছিল নির্বাচনী আদর্শ আচরণবিধি৷ এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ওই বিধানসভা এলাকাগুলি থেকেও আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হল৷ এই সংক্রান্ত নির্দেশ কেন্দ্রের ক্যাবিনেট সচিব, সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। অন্যদিকে, পশ্চিমবঙ্গে 294টি আসনেই ভোট নেওয়া হয়৷ কিন্তু দ্বিতীয় দফায় ভোট নেওয়া দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রের একাধিক বুথে কারচুপির অভিযোগ ওঠে৷ সেখানে পুনর্নির্বাচনের দাবি তোলে বিরোধী দল৷ তার পর নির্বাচন কমিশন জানায় যে ফলতা বিধানসভার সমস্ত বুথেই ফের ভোট নেওয়া হবে৷ আগামী 21 মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন৷ ফলাফল প্রকাশ করা হবে আগামী 24 মে৷ তাই ওই কেন্দ্রে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷