নৌকায় আগুন লেগে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হল হরমুজ প্রণালীতে ৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ সরকারি সূত্রের খবর, ওই কাঠের নৌকায় সাধারণ মালবাহী নৌকা ছিল এবং 18 জন কর্মী ছিলেন, যাঁরা আদতে ভারতীয় নাগরিক ৷ একজনের মৃত্যুর পাশাপাশি চার জন ভারতীয় পুড়ে জখম হয়েছেন বলে খবর ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে নেমে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ৷ সূত্রের খবর, ওই নৌকার পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল ৷ জাহাজের কর্মীরা জ্বলন্ত নৌকা থেকে কর্মীদের উদ্ধার করে ৷ নৌকায় আগুন লেগে সেটি উল্টে হরমুজ প্রণালীতে ডুবে যায় ৷ একটি সূত্র সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, “এই দুর্ঘটনায় নৌকায় থাকা এক ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং চারজন পুড়ে গিয়েছেন ৷” জখম কর্মীরা এখন দুবাইয়ে রয়েছেন ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ তাঁরা নিরাপদে আছেন ৷ কেন্দ্রীয় সরকারি সূত্র আরও জানিয়েছে, “সাধারণ মালবাহী কাঠের একটি নৌকায় 18 জন ভারতীয় কর্মী ছিলেন ৷ গতকাল হরমুজ প্রণালীর কাছে নৌকাটির কাছে আগুন ধরে যায় এবং সেটি উল্টে যায় ৷ আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ ওই নৌকাটির পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল ৷ সেই জাহাজটি ওই নৌকার কর্মীদের উদ্ধার করে ৷” দুবাইয়ে ভারতীয় কনস্যুলারের তরফে আধিকারিকরা জ্বলন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন ৷ কনস্যুলারের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে, “একটি ভারতীয় কাঠের নৌকা সমুদ্রে ডুবে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ভাগ্যজনক ঘটনায় চারজন আহত হয়েছেন ৷ পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাঁদের উদ্ধার করে ৷ ভারতীয় কনস্যুলেট-এর আধিকারিকরা উদ্ধার হওয়া ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ ওই নৌকার মালিকের সঙ্গেও যোগাযোগ করছি এবং সব রকম সহযোগিতা করা হচ্ছে ৷” গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 11টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী পেরতে পেরেছ ৷ এর সঙ্গে ১৩টি জাহাজ উপসাগরে রয়েছে ৷