পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে আগেই করোনা অতিমারির সঙ্গে তুলনা করেছিলেন । এবার কয়েকধাপ এগিয়ে এই সঙ্কটের সময় বৈদেশিক মুদ্রা বাঁচাতে পেট্রল-ডিজেলের যুক্তিগ্রাহ্য ব্যবহারের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী একবছর সোনা কেনা বন্ধ এবং বিদেশ ভ্রমণের সংখ্যা কমিয়ে আনার পরামর্শও দিলেন। কোভিডকালে ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠক সারা বা বাড়ি থেকে কাজ করার মতো বিষয় অনেকের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল । সেই অভ্যাসে আরও একবার ফিরে যাওয়ার কথাও বললেন তিনি ।
হায়দরাবাদে বিজেপির একটি সভা থেকে রবিবার তিনি জানান, মধ্যপ্রাচ্যের সঙ্কটের জেরে পেট্রল থেকে শুরু করে সারের দাম অনেকটা বেড়েছে । আর তাই এমতাবস্থায় পেট্রল কিনতে আগের থেকে অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে । কিন্তু দেশের আগামীর কথা মাথায় রেখে এই মুদ্রা যতটা সম্ভব বাঁচাতে হবে । আর তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার ।পেট্রলের ব্যবহার কমাতে ইলেকট্রিক ভেহিক্যালের ব্যবহার বাড়ানোর কথাও বলেছেন তিনি । দেশে আরও বেশি করে ই-ভেহিক্যাল তৈরি কীভাবে করা যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি । এই সঙ্কট কেন আন্তর্জাতিক হয়ে উঠেছে এদিনের সভা থেকে তার কারণও সবিস্তারে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদি । তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ পরিত্রাণের পথ খুঁজছে । কীভাবে সঙ্কট থেকে রক্ষা পাওয়া যায় তা খুঁজে বের করার চেষ্টা করছে । আর সেদিক থেকে ভারতকে অন্য সমস্ত দেশের থেকে আগে থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী । বাড়ি থেকে কাজ করা নিয়ে তিনি বলেন, “করোনার সময় আমরা ভার্চুয়াল মাধ্যমে মিটিং করার পাশাপাশি বাড়ি থেকে কাজ করতে অভ্য়স্ত হয়েছিলাম । সেই সমস্ত অভ্যাস আবারও ফিরিয়ে আনা সময়ের দাবি ।” এর পাশাপাশি ভোজ্য তেলের ব্যবহার কমানোর কথাও বলেছেন তিনি । বিদেশ থেকে আমদানি করা সারের বদলে ভারতে সার তৈরির বিষয়টিকেও উৎসাহ দিয়েছেন । এই সভা থেকে আরও একবার পশ্চিমবঙ্গে বিজেপির জয় প্রসঙ্গে মন্তব্য করেন মোদি । তিনি মনে করেন, বাংলার মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে । আর তাই বিজেপির এই জয় নিয়ে সমগ্র ভারতবাসী খুশি । সর্বত্র বিজয়োৎসব শুরু হয়েছে । তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে গিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছেন সেটা এখানেও দেখছেন। আর তাই এবার তেলেঙ্গানাতেও বিজেপি জিতবে বলে মনে করেন তিনি ।
এর আগে এদিন বেঙ্গালুরুর সভা থেকেও বাংলায় বিজেপির জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ঠিক একদিন আগে বাংলার প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে । মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী । শপথগ্রহণ অনুষ্ঠানে নিজের ক্যবিনেটের অনেক সদস্য়দের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও । এর চব্বিশ ঘণ্টার মধ্যে দক্ষিণ ভারতের দুটি রাজ্য় থেকে বাংলায় জয় নিয়ে আবারও তাঁর মনোভাব স্পষ্ট করেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

