: বাতিল হল 2026 সালের NEET-UG ৷ সর্বভারতীয় এই পরীক্ষা নেওয়া হয়েছিল চলতি বছর 3 মে ৷ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ডাক্তারিতে ভর্তির স্নাতক স্তরের এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এবার প্রায় 22 লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন ৷ দুর্নীতির তদন্তভার গেল সিবিআইয়ের হাতে ৷ পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ এর আগে 2024 সালে ফলাফল প্রকাশিত হওয়ার পরেও বাতিল হয়েছিল NEET-UG ৷ তা নিয়ে তুমুল বিতর্ক হয় ৷ পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ তবে কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ কয়েকটি বিষয় বিবেচনা করে পরীক্ষার দিন ঠিক করা হবে ৷ একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে তার তদন্ত করবে সিবিআই ৷ সংস্থার দাবি, স্বচ্ছতা বজায় রাখতে এবং পড়ুয়াদের স্বার্থ যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে ৷ এনটিএ-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, “3 মে পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ এরপর এনটিএ কয়েকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সঙ্গে নিয়ে পরীক্ষা সংক্রান্ত বেশকিছু বিষয় খতিয়ে দেখে ৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি নিজেদের মতামত আগেই জানিয়েছিল ৷ এরপর ভারত সরকারের সঙ্গে কথা বলে তাদের অনুমোদন নিয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয় ৷” বিবৃতির একটি অংশে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে যে সমস্ত তথ্য় পাওয়া গিয়েছে তা থেকে পরিষ্কার পরীক্ষা প্রক্রিয়ায় বেশ কয়েকটি গড়মিল আছে ৷ আর এমতাবস্থায় আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷ তার জন্য় নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৷ প়ড়ুয়াদের কাছে সেই সংক্রান্ত তথ্য নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হবে ৷চলতি বছরের NEET UG পরীক্ষা হয় মে মাসের 3 তারিখ ৷ সারা দেশের 552টি শহরের পাশাপাশি 14টি দেশেও অনুষ্ঠিত হয় এই পরীক্ষা । দুপুর 2টো থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল 5টা পর্যন্ত । এই বছর, স্নাতক মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG) 2026-এর ফর্ম জমা দিয়েছেন । এই জাতীয়-স্তরের প্রবেশিকা পরীক্ষাটি MBBS, BDS, BAMS, BHMS, BUMS, এবং BSMS-সহ বিভিন্ন মেডিক্যাল কোর্সে পরীক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেয় । কিন্তু এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকায় পরীক্ষা বাতিল করা হল ৷