খাস রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা! নির্ভয়ার স্মৃতি উসকে দিয়ে ফের চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ সামনে এল। অভিযোগ তুললেন এক মহিলা। এই ঘটনায় ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই মহিলাকে এক বেসরকারি বাসে তুলে নিয়ে গিয়ে বারংবার গণধর্ষণ করা হয়। আর এই সময় ওই বাসটিকে প্রায় ৭ কিলোমিটার ঘুরপথে নিয়ে যাওয়া হয়। আর ওই সময়েই তাঁকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি গত রাত অর্থাৎ বুধবার দিল্লির রানিবাগ এলাকায় ঘটেছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ৩০ বছরের এক শ্রমজীবী মহিলা। মঙ্গলপুরীর কাছে একটি কারখানায় কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে সময় জানতে চেয়েছিলেন ওই মহিলা। সেই সুযোগেই তাঁকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়। বাসে আরও কয়েক জন উপস্থিত ছিলেন বলে দাবি নির্যাতিতার। পুলিশ সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলন্ত বাসে তাঁর উপর নির্যাতন চলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তেরা। দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

