আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বর্ষা ভারতের দ্বীপপুঞ্জ আন্দামানে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পর্যটকদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময় ১৬ মে-র মধ্যে বর্ষা ঢোকে। এবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সঠিক সময়েই বর্ষার আগমন হচ্ছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা আগেই, বর্ষার এই আগমন বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল, কর্ণাটক প্রভৃতি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। বেশি মাত্রায় বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতেও। আবহাওয়াবিদরা বলছেন, এই নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না। তবে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির উপর কিছুটা প্রভাব পড়ার কারণে দখিনা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এই দখিনা বাতাস আগমনের ফলে উত্তর-পশ্চিম দিক থেকে যে শুষ্ক ও উষ্ণ বাতাস রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে আসতে পারত, তা বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা মারাত্মক হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস।

