কলকাতা ডার্বি যেন আরও একবার ফুটবল মাঠের এই চিরন্তন সত্যকেই মনে করিয়ে দিল। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত স্কোরলাইন দেখে যারা লাল-হলুদের (East Bengal) জয় নিশ্চিত ভেবে বসেছিলেন, তাঁদের সবাইকে স্তব্ধ করে দিয়ে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় ১-১ গোলে ড্র হলো ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (Mohun Bagan) দ্বৈরথ। ৮৪ মিনিটে এডমুন্ডের গোলের পর ইস্টবেঙ্গল শিবিরে যে আগাম উৎসবের আবহ তৈরি হয়েছিল, সেটাই যেন শেষ মুহূর্তে তাঁদের মনঃসংযোগ নাশের কারণ হয়ে দাঁড়াল। ৯০ মিনিটে গোল শোধ করে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে বল পান জেসন কামিন্স। তিনি বলটা পেয়ে ব্যাক হেডে গোল করেন। অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন বিপিন সিং। কিন্তু গোল করতে ব্যর্থ হন। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। তবে এই ড্রয়ের পর লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে মোহনবাগানের তুলনায় অনেকটাই সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আগামী শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারাতে পারলেই প্রথম বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে লাল-হলুদ ব্রিগেড। অন্য দিকে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। স্পোর্টিং দিল্লিকে হারালেও তাঁদের চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী ম্যাচের দিকে। ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে, তবেই চ্যাম্পিয়নশিপের সোনালী ট্রফি উঠবে সবুজ-মেরুন শিবিরে।

