প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ঘণ্টারও কিছু বেশি সময় ধরে বৈঠক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো ৷ ইরান-আমেরিকা সংঘাতের জেরে সঙ্কটে বিশ্ব ৷ এই আবহে আলোচনা ও কূটনৈতিক পথে সঙ্কটের সমাধানে ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি ভারত এবং আমেরিকার পারস্পরিক সম্পর্ককে মজবুত করার বার্তা দিয়েছেন তিনি ৷ শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ এই বৈঠকের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন গোর ৷ বৈঠককে ইতিবাচক অ্য়াখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কো রুবিয়ো ৷ গত বছর রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক চাপায় আমেরিকা ৷ এর ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয় ৷ পরে সেই শুল্ক প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে ।
এদিন দুপুরে সেবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় রুবিয়োর সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে লিখেছেন, “মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করে আমি আনন্দিত ৷ আমরা ভারত-আমেরিকা ‘কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর দীর্ঘস্থায়ী অগ্রগতি নিয়ে আলোচনা করেছি ৷” এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আমেরিকার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, “বিশ্বের মঙ্গলের জন্য ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ করবে ৷”
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, “প্রতিরক্ষা, কৌশলী প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তিসম্পদের নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের মতো একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন আমেরিকার বিদেশ সচিব ৷” এর সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ-সহ নানাবিধ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷ বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক সংঘাতগুলি আলোচনা ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টাকে ভারত যে সবসময় সমর্থন করে সে কথা রুবিয়োকে আলাদা করে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷
সোশাল মিডিয়ায় এই বৈঠক প্রসঙ্গে লিখেছেন, “নিরাপত্তা, বাণিজ্য এবং জটিল প্রযুক্তির ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ককে কীভাবে আরও গভীরে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে ৷ এই সম্পর্ক আমাদের দুই দেশকে আরও শক্তিশালী করবে ৷ ” শেষে তিনি লেখেন “আমেরিকার কাছে ভারত এক গুরুত্বপূর্ণ অংশীদার ৷”

