দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা তথা বকরি ঈদ ৷ এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ বৃহস্পতিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সমাজে শান্তি, সুখ ও ভ্রাতৃত্বের কামনা করেছেন । রাষ্ট্রপতি বলেছেন যে, এই উৎসবটি সকলকে মানবতার সেবা করতে, বিশেষ করে সমাজের বঞ্চিত অংশের সেবা করতে অনুপ্রাণিত করে । রাষ্ট্রপতি মুর্মু বলেন, “ঈদ-উল-আজহা উপলক্ষে আমি আমার সকল দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন জানাই । এই উৎসবটি আত্মনিবেদন, ত্যাগ এবং নিষ্ঠার প্রতীক । এই উৎসব আমাদের মানবতার সেবা করতে, বিশেষ করে সমাজের বঞ্চিত শ্রেণির সেবা করতে অনুপ্রাণিত করে । আসুন, এই শুভ উপলক্ষে আমরা সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারে আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাই ।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (X) প্ল্যাটফর্মে করা একটি পোস্টে বলেন, “ঈদ-উল-আজহার শুভেচ্ছা ! এই উপলক্ষটি আমাদের সমাজে ভ্রাতৃত্ব ও আনন্দের অনুভূতিকে আরও গভীর করে তুলুক । সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি ।”
ঈদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা (LoP) রাহুল গান্ধি এক্স পোস্টে লেখেন, “আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দমুখর এক বকরি ঈদের শুভেচ্ছা জানাই । আজকের এই দিনটিতে আপনাদের ঘর উষ্ণতা ও আপনজনদের সান্নিধ্যে ভরে উঠুক । ঈদ মোবারক ।”

