অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান । সোমবার বেলা ১১টা থেকে পূর্ণ মন্ত্রিসভা নিয়ে পথ চলা শুরু করল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার । কলকাতার লোকভবনে আয়োজিত সুশৃঙ্খল ও জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার মোট ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করলেন । এদিন রাজ্যপাল আরএন রবি নবগঠিত সরকারের মন্ত্রিদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান । শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে বন্দেমাতরম এবং জাতীয় স্তোত্র জন-গণ-মন বাজানো হয় । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন রাজ্য নতুন সরকারের এই ক্যাবিনেটে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নতুন মুখের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোট ১৩ জন বিধায়ক । এই তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট নেতা শঙ্কর ঘোষ এবং কোচবিহারের দীপক বর্মন । রয়েছেন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দাপুটে নেতা তাপস রায় এবং অর্জুন সিং । অভিজ্ঞ রাজনীতিক ও বিশিষ্ট বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত এই মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ মুখ । এছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, অরূপকুমার দাস, অজয়কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং বীরভূমের দীর্ঘদিনের দাপুটে নেতা দুধকুমার মণ্ডল । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ণমন্ত্রীদের এই তালিকায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ভৌগোলিক ও সামাজিক সমীকরণ অত্যন্ত সুচারুভাবে বজায় রাখা হয়েছে ।