নয়া মুখ্যমন্ত্রী পেতে চলেছে কর্ণাটক । শনিবার দক্ষিণী রাজ্যটির রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট কংগ্রেসের পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন । আগামী 3 জুন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার । তিনি কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতিও ।
২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন প্রবীণ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়া । তাঁর সরকারের দুবছর পর থেকেই ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জল্পনা শুরু হয় । সেই জল্পনার অবসান ঘটে গত বৃহস্পতিবার । মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন সিদ্দারামাইয়া । তিনি জানিয়েছিলেন শিবকুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী । এরপর এদিন বেঙ্গালুরুতে কংগ্রেসের পরিষদীয় বৈঠকে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পরবর্তী পরিষদীয় দলনেতা হিসাবে শিবকুমারের নাম প্রস্তাব করেন । তাঁকে সমর্থন করেন আরেক প্রবীণ কংগ্রেস নেতা তথা মন্ত্রী জি পরমেশ্বরা। এরপরই ভোক্কালিগা সম্প্রদায়ের শক্তিশালী নেতা ৬৪ বছর বয়সি শিবকুমারকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয় । এই ঘটনায় ঊচ্ছ্বসিত শিবকুমার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ‘‘কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে আমাকে সর্বসম্মতিক্রমে নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে । আমি বিনীত । আমরা রাজ্যের মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ।’’
পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সঙ্গে গিয়ে দেখা করেন ডিকে শিবকুমার এবং সরকার গড়ার দাবি পেশ করেন তাঁর কাছে । রাজ্যপালও তাঁকে আগামী 3 জুন লোকভবন চত্বরে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন । তাঁর সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেবেন বলে জানা গিয়েছে । ওইদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিকেল ৪টে নাগাদ ।কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনুরোধের পর সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন । বেঙ্গালুরুতে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং কর্ণাটকের দায়িত্বে থাকা নেতা রণদীপ সিং সুরজেওয়ালা । কর্ণাটক কংগ্রেসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিদ্দারামাইয়া শিবকুমারের নাম শীর্ষ পদের জন্য সুপারিশ করেছেন । পরমেশ্বর এই নাম সমর্থন করেছেন এবং বৈঠকে এই নাম সবাই স্বীকৃতি দিয়েছে । এরপর বেণুগোপাল শিবকুমারের নাম নতুন পরিষদীয় দলনেতা হিসাবে ঘোষণা করেন ।

