দেশে অনুপ্রবেশ রুখতে এবং বিদেশি নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। গত মাসেই ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করা হয়েছিল। এবার ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতেও বড়সড় বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবারই এই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির তোড়জোড়ের মাঝেই কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসা কোনও বিদেশি যদি ভিসার মেয়াদ শেষের পরেও এদেশে থাকতে চান, তবে মেয়াদ ফুরনোর আগেই তাঁকে রেজিস্ট্রেশন করাতে হবে। আগে নিয়ম (Visa Rules) ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা যেত। এবার সেই নিয়মে বদল এনে সাফ জানানো হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট বিদেশিকে। অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে আলাদাভাবে বাংলাদেশিদের কথা উল্লেখ না থাকলেও, ভারতে আসা সমস্ত বিদেশি নাগরিকের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

