আমেরিকায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ। তাঁরা প্রত্যেকেই সেখানে বাণিজ্যিক ট্রাক চালাতেন বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, শীঘ্রই তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গত ১১ থেকে ১৫ মে’র মধ্যে অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ চালিয়েছিল বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৬ জন ট্রাক চালক। তাঁদের মধ্যে আবার ৩০ জন ভারতীয়। বাকিরা মোক্সিকো, সালভাদর এবং রাশিয়ার নাগরিক। ধৃতদের কাছ থেকে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্স মিলেছে। অনেকের কাছে আবার কোনও লাইসেন্সই ছিল না।

