বিজেপি ছাড়লেন আন্নামালাই এবং নিজের দল গড়ার কথাও ঘোষণা করলেন ৷ শুক্রবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপি সভাপতি নিতিন নবীন ৷ প্রাক্তন আইপিএস আন্নামালাইয়ের ঘোষণা, 2031 সালে তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন ৷ নতুন দল গড়ার জল্পনার মধ্যে গত 2 জুন নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ বিজেপি নেতা বিএল সন্তোষের সঙ্গেও দেখা করেন তিনি ৷ কয়েকটি সূত্রের দাবি ছিল, বিজেপি সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন প্রাক্তন আইপিএস আন্নামালাই ৷ ছ’বছর ধরে তিনি বিজেপিতে ছিলেন ৷ এদিন তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানান, তাঁর লক্ষ আরও বড় ৷ তিনি নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন ৷ তাঁর দল রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৷ ভিডিয়োয় তিনি বলেন, “আমি সসম্ভ্রমে বিজেপি ছেড়েছি ৷ একটি নতুন ধরনের রাজনীতির পথে চলব ৷ আমরা উদ্দেশ্য অনেক বড় এবং আরও অনেককে সঙ্গে নিয়ে চলতে হবে ৷ আজ থেকে একটি নতুন পথ, একটি নয়া আন্দোলন, একটি নতুন রাজনৈতিক আন্দোলনের শুরু হল ৷” বিজেপি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি বিজেপি নাকি তামিল, সেটা নিয়ে একটা টানাপোড়েন চলছিল ৷ 2025 সালের 4 ডিসেম্বর আমি দলকে জানিয়েছিলাম, আমি পদত্যাগ করব ৷ দল আমাকে জানায়, নির্বাচন শেষ হতে দাও ৷ তারপর যাবে ৷” ইস্তফাপত্রে আন্নামালাই বিজেপি শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন ৷ বিজেপি সভাপতি নিতিন নবীনকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, “সময়ে সময়ে আমি বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে যেসব সমস্যার কথা ও কারণগুলি তুলে ধরেছি, সেগুলি তাঁরা সমর্থন করেছেন ৷ এর জন্য তাঁদের ধন্যবাদ ৷ শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথোপকথনের পর আমি এটা বুঝতে পেরেছি যে, তামিলনাড়ু নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এক নয় ৷” দক্ষিণী রাজ্যটিতে বিজেপির প্রসারে কে আন্নামালাইয়ের ভূমিকা রয়েছে ৷ যদিও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি একটি মাত্র আসনে জয়ী হয়েছে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ভোটের হার 3 থেকে 11 শতাংশে পৌঁছয় ৷ কিন্তু একটিও লোকসভা আসনে জিততে পারেনি ৷ এই কারণে এবং এআইএডিএমকে’র সঙ্গে আন্নামালাইয়ের তিক্ত সম্পর্কের কারণে গতবছর এপ্রিলে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নাইনার নগেন্দ্রনকে নয়া বিজেপি সভাপতি করে শীর্ষ নেতৃত্ব ৷