রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে নানারকম অভিযোগ সামনে আসছে ৷ এবার সেই তালিকায় প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী ৷ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযোগ, একটি ফিল্মে অভিনয় করবেন বলে প্রযোজকের থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা নেওয়ার পরও সেই কাজ করেননি সোহম চক্রবর্তী ৷ প্রযোজক তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনার পর এফআইআর দায়ের করা হয়েছে সোহমের বিরুদ্ধে । জানা গিয়েছে, গত ১৯ তারিখ চারু মার্কেট থানায় এক ব্যক্তি এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । ওই ব্যক্তির অভিযোগ, ২০২২ সালে সিনেমায় অভিনয় করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে এক কোটি পাঁচ লক্ষ টাকা নেন সোহম চক্রবর্তী । সেই সময় তিনি বিধায়ক ছিলেন । কিন্তু টাকা নেওয়ার পরও তিনি ছবিটি করেননি । এই অভিযোগ তুলেই সোহমের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে নানা বিতর্কে নাম জড়িয়েছে সোহম চক্রবর্তীর । একটি হোটেলে শুটিং করতে গিয়ে গণ্ডগোল বাঁধানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । নিউটাউনে একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছিল ৷ মারধরের অভিযোগ মেনেও নিয়েছিলেন সোহম ৷ তাঁর দাবি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করার জন্যই তিনি রেস্তোরাঁর মালিককে মেরেছিলেন ৷