তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। লোকসভার পর রাজ্যসভাতেও চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল! সদ্য সোমবার সুখেন্দুশেখর রায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পদ ছাড়লেন। বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এনিয়ে এক সপ্তাহের মধ্যে তৃণমূলের দুজন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করলেন। তবে বেশ কিছু সূত্রের দাবি, রাজ্যসভার পাশাপাশি তৃণমূলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন সুস্মিতা। অতীতে অসমের শিলচর থেকে কংগ্রেসের লোকসভা সাংসদ ছিলেন সুস্মিতা দেব। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দল ছেড়ে দেন তিনি। এরপর ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলে যোগদানের পরই অত্যন্ত দ্রুত দলের জাতীয় মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। পরবর্তীকালে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। কিন্তু তার সেই ‘উত্থান’ পর্বের শেষটা যে এতটা নাটকীয় হবে, তা সম্ভবত দলের শীর্ষ নেতৃত্বও আন্দাজ করতে পারেনি। রাজ্যসভায় তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ছিল ১৩ জন। সুখেন্দুশেখর রায় ইতিমধ্যেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সুস্মিতা দেবের পদত্যাগের পর এক সপ্তাহের মধ্যে রাজ্যসভায় ২টি আসন শূন্য হল তৃণমূলের। তাছাড়া অসমে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্ব দেওয়া ছিল সুস্মিতাকেই। ফলে এবার যে অসমের রাজনীতিতেও যে তৃণমূল বিপাকে পড়ল, তা বলাই বাহুল্য।
বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব । এরপরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনার পারদ তুঙ্গে তুলেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি ।

