ক্ষমতাচ্যুত হওয়ার একমাসের মধ্যে ভাঙন ধরেছে তৃণমূলের পরিষদীয় দলের পাশাপাশি সংসদীয় দলে ৷ একের পর এক সাংসদ দল ছাড়ছেন ৷ এমন মহাসঙ্কটের আবহে বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে 10 জনপথ রোডে গান্ধি পরিবারের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ঠিক একদিন আগে সোনিয়া-মমতার বৈঠক হয় ৷ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সনের বাড়ি যান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সূত্রের খবর, রাহুলের সঙ্গে অভিষেকের বৈঠকে ইন্ডিয়া শিবির আগামিদিনে কীভাবে সংগঠিত কায়দায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে পারে তা নিয়ে কথা হয়েছে ৷ এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে ৷ তবে এখনও এ নিয়ে প্রকাশ্যে কোনও পক্ষই কোনও মন্তব্য করেনি ৷

