সিআইডি-র পর কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তার জন্যই সোমবার তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। কালীঘাটের পটুয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সাত তলায় জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডি। এদিন সকাল 11টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। নির্ধারিত সময়ের কিছু আগেই অভিষেক পৌঁছে যান ইডি দফতরে। ভবনে ঢোকার সময় এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। স্বভাবতই তাঁর এই হাজিরাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও, সিজিও কমপ্লেক্সে সোমবার অভিষেকের হাজিরার জন্য বাড়তি কোনও নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি। কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর মতো অতিরিক্ত কোনও ব্যবস্থাই করা হয়নি সেখানে। এর ঠিক একদিন আগেই, রবিবার, বিধানসভার সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে সিআইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। প্রায় সাড়ে 8 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। একই মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছিল সিআইডি। তদন্ত সূত্রে দাবি, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিষেক ও কুণালকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দীর্ঘ জেরা-পর্ব শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যান অভিষেক। সেই বৈঠক নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। তদন্তকারী সংস্থার তৎপরতা এখানেই শেষ হচ্ছে না। সূত্রের খবর, বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি।