উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গে আবহাওয়া এখন চাতক পাখির মতো তৃষ্ণার্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির । বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে বৃষ্টি। বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে (South Bengal) তীব্র অস্বস্তিকর গরম। তবে আপাতত তাপমাত্রার বড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে এই জেলাগুলিতে। তারপর থেকে বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে গরম ও অস্বস্তি বজায় থাকবে।