বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির ৷ আরও একদিন শিবিরের দিন বৃদ্ধি করল রাজ্য সরকার ৷ দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে বুধবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী বলেন, “জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে ৷ লম্বা লাইন শিবিরগুলিতে । সাধারণ মানুষের কথা ভেবে জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও একদিন বৃদ্ধি করা হল । আমরা আগামিকাল অর্থাৎ 18 জুন পর্যন্ত জনকল্যাণ শিবির চালাব ৷ আমাদের সরকারের লক্ষ্য হল, মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া এবং কোনও যোগ্য ব্যক্তি যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না-হন, তা নিশ্চিত করা ।” পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার পাশাপাশি 54টি প্রকল্পের আবেদন চলছে । তিনি বলেন, “সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর । আপনারা আবেদন করুন । বিন্দুমাত্র বিচলিত হবেন না । যোগ প্রাপকরা সাহায্য পাবেন ।” রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে দ্বিতীয়বার ফলতা সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি । বুধবার ফলতার ফতেপুর এলাকায় আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী । শিবিরে উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে পরিষেবা ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন তিনি । মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় । শিবির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মোতায়েন বিপুল সংখ্যক পুলিশকর্মী । সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় ।

