কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে হানা দিল সিআইডি । বৃহস্পতিবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক বোনের বাড়িতে যায় সিআইডির একটি প্রতিনিধি দল । জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নিয়ে সেই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দারা আজ সেখানে গিয়েছেন ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিআইডি । তা হল বিধানসভায় সই জাল কাণ্ড ও নির্বাচনী প্রচারে ‘ডিজে মন্তব্য’ নিয়ে মামলা । তবে ভবানী ভবন সূত্রে খবর, মূলত আজ ডিজে কাণ্ডের তদন্তেই মমতার আত্মীয়ের বাড়িতে গিয়েছে সিআইডি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানো নিয়ে মন্তব্যটি তৃণমূলের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল । আর সেই ফেসবুক পেজ যে বা যারা পরিচালিত করত, তাদেরই মূলত জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডি আজ মমতার আত্মীয়ের বাড়িতে গিয়েছে ।ফের কালীঘাট এলাকায় সিআইডির তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা । বুধবার দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি আধিকারিকদের দেখা যায় । তবে তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে না-গিয়ে এলাকার একটি আবাসনের নির্দিষ্ট ফ্ল্যাটে যান, যাকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 29/ডি নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক আত্মীয়া, যিনি তাঁর বোন বলে পরিচিত, বসবাস করেন । সিআইডি আধিকারিকরা ওই ফ্ল্যাটে পৌঁছে কিছু সময় সেখানে অবস্থান করেন । ফ্ল্যাটে প্রবেশের আগে তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং কয়েকটি তথ্য সংগ্রহ করেন বলে জানা গিয়েছে । তবে তদন্তকারীরা কোন মামলার সূত্রে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি । ফলে সিআইডির এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে । তবে সিআইডি সূত্রে খবর, অভিষেকের ডিজে মন্তব্য মামলার তদন্তেই এদিন মমতার আত্মীয়ের বাড়িতে দিয়েছে সিআইডি ৷ উল্লেখ্য, বিধায়কদের সই জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এর আগেও একাধিকবার কালীঘাটে গিয়েছেন সিআইডি আধিকারিকরা । সেই মামলার সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তদন্তকারীরা গিয়েছিলেন । কালীঘাটে মমতার বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালানো হয় । পাশাপাশি বিভিন্ন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিআইডি ।