ট্রাকের সঙ্গে সংঘর্ষ হতেই দাউ দাউ করে জ্বলল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় মৃত্যু আটজনের ৷ ১৫ জনেরও বেশি আহত হয়েছেন ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ৷ শুক্রবার ভোর ৩টের দিকে দুর্ঘটনাটি ঘটে । ঋষিকেশ থেকে ইন্দোরগামী একটি স্লিপার বাস কোলওয়া থানা এলাকার ধনওয়াড়ের কাছে জিরো পয়েন্টে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় এবং এরপর বাসটিতে আগুন ধরে যায় । সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ বাসের ভেতরে আটকে পড়া ছয় যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং আরও দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় । দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এক্সপ্রেসওয়ের পরিবেশ ভরে গিয়েছিল আর্তনাদ ও কান্নায় ৷ রক্তে লাল হয়ে গিয়েছিল রাস্তা ৷ ঘটনাস্থলে বেশ কয়েকটি মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ সুপার পীযূষ দীক্ষিত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করেন । তিনি জানান, এই দুর্ঘটনায় শিশু-সহ ২৯ জন আহত হয়েছেন ৷ সকলে দৌসা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন । তবে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিস্তারিত তদন্ত চলছে । বাসটি ইন্দোরের ‘হ্যান্স ট্রাভেলস’-এর মালিকানাধীন ছিল ৷ উদ্ধারকাজ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, দুর্ঘটনার বিষয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে পৌঁছয়নি । ত্রাণ ও উদ্ধার অভিযান সময়মতো শুরু হলে বাসের ভেতরে আটকে পড়া অনেক যাত্রীকে বাঁচানো যেত । গ্রামবাসীদের দাবি, সাহায্যের অপেক্ষায় থাকাকালীন যাত্রীরা বাসের ভেতরে আটকে পড়েছিলেন ৷ যার ফলে পাঁচজন জীবন্ত দগ্ধ হন ।