কলকাতায় ফের প্রাণ কাড়ল বেপরোয়া গতি । বুধবার ভোরে ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুর মোড় ও রুবি মোড়ের মাঝামাঝি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অ্যাপ-ভিত্তিক মোটরবাইক চালকের । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের মহিলা যাত্রীও । ঘটনাকে কেন্দ্র করে ভোরবেলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় ৫টা নাগাদ এক অ্যাপ-ভিত্তিক মোটরবাইকে মহিলা যাত্রীকে নিয়ে কালিকাপুর মোড়ের দিক থেকে রুবির দিকে যাচ্ছিলেন চালক শেখ শাহনাওয়াজ (৩০)। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । এরপর বাইকটি সজোরে ধাক্কা মারে মেট্রো রেলের একটি পিলারে । সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । গুরুতর জখম অবস্থায় ২জনকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা শেখ শাহনাওয়াজকে মৃত বলে ঘোষণা করেন । আহত মহিলা যাত্রীর চিকিৎসা চলছে । তাঁর শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের নজর রয়েছে ।

